বাংলাদেশ ইউনিভার্সিটিতে ভর্তি মেলায় নজর কেড়েছে সহ-শিক্ষা কার্যক্রমের স্মার্ট উদ্ভাবন
বাংলাদেশ ইউনিভার্সিটিতে চলছে স্প্রিং সেমিস্টারের ৫ দিনব্যাপী ভর্তি মেলা। মেলা উপলক্ষে বিশ্ববিদ্যালয় মাঠে বিভিন্ন অনুষদ ও বিভাগের পক্ষ থেকে মোট ১১টি স্টল দেয়া হয়েছে। এসব স্টলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা উদ্ভাবন ও গবেষণা নজর কাড়ছে ভর্তি আগ্রহী অভিভাবকদের। বিশ্ববিদ্যালয়ের কর্মমুখী সহ-শিক্ষা কার্যক্রমগুলোর মধ্যে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষার্থীদের উদ্ভাবিত স্মার্ট বিন, বায়োনিক হাত, সোলার কার দেখতে ভিড় ছিলো চোখে পড়ারর মতো।
রাজধানীর মোহাম্মদপুরের আদাবরস্থ স্থায়ী ক্যাম্পাসে রবিবার সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম । এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব বিজনেস এডমিনিস্ট্রেশন ও ইকোনমিক্স অনুষদের ডীন প্রফেসর ড. মো: তাজুল ইসলাম, ফ্যাকাল্টি অব আর্টস, সোস্যাল সাইন্স এন্ড ল’ অনুষদের ডীন অধ্যাপক মো: হুমায়ুন কবির, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও সেকশন প্রধানগণসহ বিপুলসংখ্যক ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী।
মেলা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (পিআর) সোহেল আহসান নিপু জানান, এবারের ভর্তি মেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ভর্তিচ্ছুক ছাত্রছাত্রীরা তাদের প্রয়োজনীয় বিষয় সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা সরজমিনে পরিদর্শনের সুযোগ পাচ্ছেন। এছাড়া মেলা চলাকালীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ ও সিনিয়র অধ্যাপকদের সাথে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে উচ্চশিক্ষার বিভিন্ন বিষয়ের বিস্তারিত তথ্যসহ যুগোপযোগী শিক্ষার দিক নির্দেশনামূলক তথ্য সংগ্রহ করতে পারবেন।
প্রসঙ্গত, মেলা চলাকালীন ইউনিভার্সিটির স্প্রিং সেমিস্টারে বিভিন্ন বিভাগে ভর্তিচ্ছুক ছাত্রছাত্রীরা তাদের এসএসসি ও এইচএসসি ফলাফলের উপর সর্বনিম্ন ২০% থেকে সর্বোচ্চ ১০০% কোর্স ফি মওকুফ ছাড়াও মেলায় অতিরিক্ত ৫ (পাঁচ) হাজার টাকা থেকে ১০ (দশ) হাজার টাকা মওকুফে ভর্তির সুযোগ পাবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে মেলা চলবে বিকেল ৪ টা পর্যন্ত। মেলা শেষ হবে আগামী ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার।







